কবরস্থানের জমি নিয়ে দ্বন্দ্ব, লাঠির আঘাতে যুবকের মৃত্যু

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে আনোয়ার ভুইয়া (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় লিটন নামে আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামের রহিম ঢালীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ভুইয়া ভূমখাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেকেন্দার ভুইয়ার ছেলে। আহত লিটন বর্তমানে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামের মানাখান জামে মসজিদের কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইতালি প্রবাসী জাহিদুল ঢালী ও আনোয়ার ভুইয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে আদালতে একটি মামলাও চলমান রয়েছে।

অভিযোগ উঠেছে বুধবার বিকেলে কবরস্থানের জমি নিয়ে জয়দুল ঢালী ও আনোয়ার ভুইয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদুল ঢালী লাঠি দিয়ে আনোয়ার ভুইয়া ও লিটনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আনোয়ার ভুইয়ার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত লিটন নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আনোয়ার ভুইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী জাহিদুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন