কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে এই অস্পষ্টতা দূর করেন।

প্রেস সচিব বলেন, ১৮০ দিন ক্ষমতা ধরে রাখার বিষয়টি একটি অপপ্রচার, এর কোনও সুযোগ নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে আমানত বুঝিয়ে দেওয়া। সেক্ষেত্রে এই প্রক্রিয়া কোনোভাবেই আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর যাবে না।

সরকার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই সরকারের আমলে রেকর্ড সংখ্যক আইন পাশ হয়েছে। বাংলাদেশ থেকে গুম উঠে গেছে।

প্রেস সচিব বলেন, নির্বাচনের আমেজ খুব উৎসবমুখর হচ্ছে। কোথাও তেমন কোনও সহিংসতা হয়নি। বেশ ভালো নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কেউ কোনও অপতথ্য ছড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন