কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভাগ ও দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। পাশাপাশি সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে।
বৈঠকে নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের জন্য চলাচলকারী পিংক বাসের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। তবে নারীদের যাতায়াতের চাহিদার তুলনায় এই সংখ্যা অপ্রতুল। এ কারণে দ্রুততম সময়ের মধ্যে আরও ১০০টি পিংক বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
এ ধরনের এলাকায় সড়ক সোজা ও প্রশস্ত করার পাশাপাশি নতুন যেসব সড়ক প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলোকে যথাসম্ভব স্ট্রেইট লাইনে নির্মাণের প্রয়োজন।
বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান, ও মো. মতিয়ার রহমান অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বৈঠকে যোগদান করেন।
