কাউন্টির শীর্ষ লিগে ফিরল হাসান–খালেদদের কেন্ট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ এএম

ইংল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট কাউন্টি চ্যাম্পিয়নশিপে আলো ছড়ানো দুই বাংলাদেশি পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদের দল কেন্ট কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছে।  ডিভিশন টুর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত করে এক বছর পর প্রমোশন পেয়ে ফের শীর্ষ স্তর ‘ডিভিশন ওয়ান’-এ জায়গা করে নিয়েছে দলটি।

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ৮ দলের ডিভিশন টু থেকে শীর্ষ দুটি দল পরবর্তী মৌসুমে ১০ দলের ডিভিশন ওয়ানে উন্নীত হয়। আর ডিভিশন ওয়ানের পয়েন্ট টেবিলের নিচের দুটি দল নেমে যায় ডিভিশন টুতে। চলতি মৌসুমে ডিভিশন টুতে চ্যাম্পিয়ন হয়েছে ডারহাম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে কেন্ট। 

মৌসুমের শেষ ম্যাচে কেন্ট ৮ উইকেটে গ্লস্টারশায়ারকে পরাজিত করেছে। অবশ্য ম্যাচ শেষ হওয়ার আগেই মিডলসেক্সের কাছে নর্দাম্পটনশায়ার ৭ উইকেটে হেরে গেলে কেন্টের প্রমোশন নিশ্চিত হয়ে যায়। ১৪ ম্যাচ শেষে কেন্টের অর্জিত পয়েন্ট ২১৪, যেখানে তিন নম্বরে থাকা নর্দাম্পটনশায়ারের পয়েন্ট ১৯১।

গত মৌসুমে ডিভিশন টুয়ের তলানিতে থেকে মৌসুম শেষ করা কেন্টের এই ঐতিহাসিক ঘুরে দাঁড়ানোর নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল বাংলাদেশের দুই পেসারের। বিসিবির ডাকে দেশে ফেরার আগে হাসান মাহমুদ কেন্টের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলে তুলে নেন ২৬টি উইকেট। আর মৌসুমের শেষভাগে দলে যোগ দিয়ে খালেদ আহমেদও দারুণ পারফর্ম করেন। তিনি ৩ ম্যাচে ঝুলিতে পুরেন ১৬টি উইকেট। 

বিশেষ করে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কেন্টের ৭ উইকেটের জয়ে একাই ৮ উইকেট নিয়ে দলকে প্রমোশনের সুবর্ণ সুযোগ এনে দেন খালেদ। ওই জয় কেন্টকে প্রমোশনের লড়াইয়ে শক্ত অবস্থানে নিয়ে যায়। এবার হাসান-খালেদের এই যৌথ নৈপুণ্যেই এক বছরের মাথায় ফের কাউন্টির সর্বোচ্চ স্তরে ফিরল কেন্ট।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন