কানাডায় পলায়নের অভিযোগে পুলিশ সুপার বরখাস্ত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম

অসদাচরণ ও পলায়নের অভিযোগে পুলিশ টেলিকম ঢাকার সাবেক পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ টেলিকম ঢাকার সাবেক পুলিশ সুপার ড. তানিয়া আনসারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী যথাক্রমে অসদাচরণ ও পলায়ন-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ড. তানিয়া আনসারীকে ২০২৫ সালের ১০ মে থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাময়িক বরখাস্তকালীন তিনি ঢাকার পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। এ সময়ে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন তিনি।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর