কারাবন্দিরা আয় করে পরিবারকে পাঠাতে পারবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৯:৫৪ এএম

বন্দিরা কারাগারে কাজ করে উপার্জনের টাকা পরিবারকে পাঠাতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১০ জুন) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কারাগারকে এখন শুধুমাত্র বন্দিদের রাখার জায়গা নয়, বরং শোধনের কেন্দ্র হিসেবেই গড়ে তোলা হচ্ছে।

উপদেষ্টা বলেন, ‘আমরা এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের পথে আছি, যেখানে বন্দিরা কারাগারে থেকে শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবে এবং সেই অর্থ পরিবারে পাঠাতে পারবে। এটি তাদের পুনর্বাসনের পথও তৈরি করবে।’

কারাগারে বন্দী অধিকাংশ নারী মাদক সংক্রান্ত অপরাধে জড়িত বলে মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘নারী বন্দিদের মধ্যে বড় একটি অংশ মাদক সংক্রান্ত অপরাধে যুক্ত। এদের শোধনের জন্যও আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যেসব কারারক্ষী অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সাধারণ মানুষের তুলনায় তাদের দ্বিগুণ শাস্তি হবে, কারণ তারা দায়িত্বে থেকেও অপরাধ করছে।’

ঈদের পরে বন্দিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তাদের সমস্যা জানতেই এ পরিদর্শনে এসেছেন বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘বন্দিদের মতামত, সমস্যা ও প্রয়োজনীয়তা জেনেই আমরা ভবিষ্যতের করণীয় নির্ধারণ করব।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন