ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় বিআইডব্লিউটিএ। রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে।
বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা জানান, রবিবার সন্ধ্যা ৬টা থেকে কোনো নৌযানকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। একইসঙ্গে সারাদেশের কোনো নদীবন্দর থেকেই লঞ্চ বা অন্যান্য নৌযান চলাচল করছে না। ঘন কুয়াশায় দেশের বিভিন্ন স্থানে নৌপথে একের পর এক দুর্ঘটনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মুহম্মদ মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার পর এতটাই কুয়াশা পড়েছে বুড়িগঙ্গা নদীতেই সামান্য দূরের কিছু দেখা যাচ্ছে না। বড় নদীগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ। এ পরিস্থিতিতে লঞ্চ চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কুয়াশা না কাটা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
গত বৃহস্পতিবার রাতে চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন। ওই দুর্ঘটনার পর ঘন কুয়াশায় নৌচলাচল নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমান শীতপ্রবাহের প্রভাব আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ার শঙ্কা রয়েছে। এ ছাড়া জানুয়ারিতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
