খুলনায় বিএনপির সাবেক এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যার দিকে জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আক্তার ঢালী আইচগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকেও (২৭) একই এলাকার দুর্জনীমহলের সামনে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় আক্তার ঢালী বাড়ির পাশের একটি বেঞ্চে একা বসে ছিলেন। পরিবারের অন্য সদস্যরা তখন ঘরের ভেতরে ছিলেন। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে আসেন। তবে ততক্ষণে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে টর্চলাইটের আলোয় আক্তার ঢালীকে বেঞ্চের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের এক ভাতিজি বলেন, ‘চাচা বাসার পাশে বেঞ্চে একা বসে ছিলেন। আমরা ঘরের ভেতরে ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে বাইরে আসি। রাস্তায় তখন কাউকে দেখা যায়নি। পরে টর্চলাইটের আলোয় চাচাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাই।’
হাসপাতাল কর্মী মুরাদ জানান, আক্তার ঢালীর ডান কাঁধ ও গলার অংশে গুলির চিহ্ন রয়েছে। শটগানজাতীয় অস্ত্র থেকে ছররা গুলি ছোড়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, ঘটনার সময় কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে আক্তার ঢালীকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে হামলাকারীদের সংখ্যা, পরিচয় কিংবা হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান বলেন, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রূপসা থানা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হাসান মল্লিক বলেন, জয় ঢালী আইচগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ছিলেন এবং দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। প্রায় ৫০ দিন আগে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এবার তার বাবাকেও হত্যা করা হলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা আগে থেকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ওই ঘটনার দেড় মাসেরও কম সময়ের মধ্যে এবার দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল তার বাবা আক্তার ঢালীর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চার থেকে পাঁচজন হেলমেট পরিহিত দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সেখানে এসে জয় ঢালীর ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরপর বাবা-ছেলেকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
