গোয়ালঘরের পানি নিয়ে বিরোধ, প্রতিবেশীর লাঠির আঘাতে নিহত ১

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ এএম

ঝিনাইদহের মহেশপুরে গোয়ালঘরের পানি নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশির লাঠির আঘাতে জব্বার (৫০) নামের এক জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মান্দার বাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জব্বারের গোয়ালঘরের পানি প্রতিবেশি পলাশের বাড়িতে প্রবেশ করাকে কেন্দ্র করে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। শুক্রবার সন্ধ্যায় জব্বারের গোয়ালঘরের পানি নিয়ে পলাশ ও জব্বারের তর্কবিতর্কের এক পর্যায়ে পলাশের হাতে থাকা লাঠির আঘাতে জব্বার গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা জব্বারকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়ালঘরের পঁচা পানি নিয়ে দ্বন্ধে পলাশ ও জব্বারের মধ্যে মামামারি হয়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে জব্বার মারা যায়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন