ঘরের মাঠে জয়ের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ বার্সা কোচের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ AM

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পরেও ভিয়ারিয়ালের রোমাঞ্চকর জয় পেয়েছে বার্সেলোনা। তবে ম্যাচ জিতলেও রেফারিদের ওপর চটেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। 

ম্যাচ শেষে কথা বলার সময় ফ্লিক বিশেষভাবে ফার্মিন লোপেজের লাল কার্ড এবং লামিনে ইয়ামালের ওপর হওয়া ফাউলগুলোর প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে এরিক গার্সিয়া ও জোয়াও কানসেলোর ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে রেফারি ফার্মিন লোপেজকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। যদিও টিভি সম্প্রচারে সেই ঘটনাটি দেখানো হয়নি। ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করার পর ৬৮তম মিনিটে দানি ওলমোকে জায়গা করে দিয়ে মাঠ ছেড়েছিলেন ফার্মিন।

অ্যান্থনি গর্ডনকে ফাউল করার পরও রেফারি বার্সেলোনাকে পেনাল্টি না দেওয়ায় প্রতিবাদ জানাতে গিয়ে লাল কার্ড দেখেন ফার্মিন। এরপর এই লাল কার্ডের বিষয়ে রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজের মুখোমুখি হয়ে ব্যাখ্যা দাবি করেন ফ্লিক। প্রতিবাদ জানানোর কারণে জার্মান এই কোচকেও হলুদ কার্ড দেখান ম্যাচ কর্মকর্তা।

মিডফিল্ডার ফার্মিন লাল কার্ড দেখার পরের কয়েক মিনিটেই পুরো ঘটনাটি ঘটে, যখন টেকনিক্যাল এরিয়া থেকে সবকিছু দেখছিলেন ফ্লিক।

রেফারি লোপেজের সঙ্গে যেভাবে আচরণ করেছেন তাতে মোটেও খুশি নন বার্সেলোনা কোচ। বরং ইঙ্গিত দিয়েছেন যে, এই রেফারির সঙ্গে তার তিক্ত অভিজ্ঞতা আজকের নয়, অনেক পুরোনো। ফ্লিক বলেন, এই রেফারির ক্ষেত্রে সব সময় একই ঘটনা ঘটে।

ফার্মিন ও রেফারির মধ্যে ঠিক কী কথা হয়েছিল তা তিনি জানেন না বলে স্বীকার করেন ফ্লিক, কারণ মিডফিল্ডার কী বলেছিলেন তা তিনি শুনতে পাননি। তবে তার দাবি, ম্যাচ কর্মকর্তা কেবল বার্সেলোনার বেঞ্চের দিকেই তাকিয়ে ছিলেন। কোন অপরাধে তার খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছে, তা জানতে ফ্লিক এগিয়ে গেলে উল্টো তাকেও একটি হলুদ কার্ড দেখানো হয়।

তবে ফ্লিকের অভিযোগ শুধু ফার্মিনেই থেমে থাকেনি। ফ্লিকের মতে, লামিনে ইয়ামাল বেশ কয়েকবার স্পষ্ট ফাউলের শিকার হলেও রেফারি তা এড়িয়ে গিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

তবুও তিনি তার খেলোয়াড়দের রেফারিংয়ের সিদ্ধান্ত মেনে নিতে, এসব নিয়ে পড়ে না থেকে মাঠে নিজেদের উন্নতির দিকে মনোযোগ দিতে বলেছেন। তার মতে, দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সই অনুসরণ করার মতো আদর্শ।