ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, প্রাণ গেল শিশুর

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ এএম

টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের ছোবলে জুনায়েদ হাসান নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুনায়েদ উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকার জাহিদ হাসান ও কাহারতা অ্যাকাডেমিক স্কুলের সহকারী শিক্ষিকা লোনা আফরিনের একমাত্র সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে জুনায়েদ। বিকেল ৫টার দিকে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে বাবা-মাকে জানায়, ‘কী যেন কামড় দিয়েছে।’ তবে আশপাশে কোনো সাপ দেখতে না পাওয়ায় প্রথমে বিষয়টি সাপের কামড় কি না; তা নিশ্চিত হতে পারেনি পরিবার।

এর কিছুক্ষণ পর শিশুটি অচেতন হয়ে পড়লে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার অবস্থা গুরুতর দেখতে পান। কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকলেও আইসিইউ সুবিধা নেই। এসময় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ৯টার দিকে জুনায়েদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, শিশুটিকে হাসপাতালে আনা হয়, তবে তার অবস্থা খুবই খারাপ ছিল। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকলেও আইসিইউ সুবিধা না থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পশ্চিম কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জুনায়েদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জুনায়েদের বাবা জাহিদ হাসান বলেন, ‘আমার সন্তানের জন্য আমি কিছুই করতে পারলাম না। আল্লাহ আমার একমাত্র সন্তানকে নিয়ে গেল।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন