ঘূর্ণিঝড়ের প্রভাবে ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের পাঁচ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ময়মনসিংহে ১৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও বরিশালের খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় দেশের সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে ৭৮ মিলিমিটার।

এছাড়া বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে  বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।   

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর