চট্টগ্রামে ডেঙ্গু মোকাবিলায় চসিকের ৩ মাসের কর্মসূচি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

চট্টগ্রাম জেলায় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪২ জন। এ পরিস্থিতিতে আগামী তিন মাস নগরের প্রতিটি এলাকায় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

তবে নগরীতে আক্রান্তের সংখ্যা ও পরিস্থিতির বিস্তারিত তুলে না ধরে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরের পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর কাজীর দেউরী স্টেডিয়াম মার্কেট ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংসের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কার্যক্রম তদারক করবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সম্পৃক্ত হতে হবে। বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এ কার্যক্রমে যুক্ত করার কথা জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, এসির পানি জমার স্থান ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান মেয়র। বৃষ্টির পর কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পাশাপাশি যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, ফোম ও ডাবের খোসা না ফেলার পরামর্শ দেন তিনি।

চসিকের মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের বিষয়ে মেয়র বলেন, ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। কোতোয়ালী, হালিশহর, বন্দর, আকবরশাহ, বাকলিয়া ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তিনি জানান, এডিস মশার লার্ভা ধ্বংসে বিটিআই ব্যবহারের পাশাপাশি লার্ভিসাইড প্রয়োগ ও অ্যাডাল্টিসাইড স্প্রে করা হচ্ছে।

মেয়র বলেন, ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া, জিকা ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি রয়েছে। তাই রোগী শনাক্ত হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে আগে থেকেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নিজের ঘর, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মেয়র বলেন, শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় এ জন্য নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ জরুরি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন