চট্টগ্রামে পিকআপ থামিয়ে ৫০ লাখ টাকার সিগারেট লুট, থানায় মামলা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

চট্টগ্রাম নগরের লাভলেইন মোড়ে একটি পিকআপের গতিরোধ করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের সিগারেট লুটের অভিযোগ উঠেছে। এ সময় পিকআপের চালক ও হেলপারকে মারধর করে আহত করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী আমিনুল ইসলাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা করেছেন। ২০ সেপ্টেম্বর দায়ের করা মামলাটির নম্বর ৩৫। মামলায় চট্টমেট্টো-ম-১১-১১-০০৫ নম্বরের পিকআপটির কথাও উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর দুপুর সোয়া ১টার দিকে নগরের কাজীর দেউড়ির এসএ পরিবহন থেকে প্রায় ৭৮ মাস্টার কেস সিগারেট নিয়ে রিয়াজউদ্দিন বাজারের উদ্দেশে রওনা হয় পিকআপটি। গাড়িতে ছিলেন চালক মো. আনোয়ার হোসেন ও হেলপার মো. জাহিদ।

দুপুর দেড়টার দিকে পিকআপটি লাভলেইন মোড়ের অ্যাপোলো-১১ পেট্রোল পাম্পের পূর্ব পাশে পৌঁছালে কয়েকজন ব্যক্তি গাড়িটির গতিরোধ করেন। এ সময় তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। চাঁদা না দিলে চালক ও হেলপারকে হত্যার হুমকি দেওয়া হয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আনোয়ার হোসেনকে কিল-ঘুষি ও লাথি মারা হয়। আর জাহিদকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তার নাকে গুরুতর জখম হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা পরে পিকআপে থাকা প্রায় ৭৮ মাস্টার কেস সিগারেট নামিয়ে একটি অজ্ঞাতনামা গাড়িতে তুলে নিয়ে যায়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

চালক ও হেলপারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয় ব্যবসায়ীরা আহত চালক ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। একই সঙ্গে লুট হওয়া সিগারেট ও জড়িত ব্যক্তিদের খোঁজ করা হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এরপর ২০ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় মামলা করেন ব্যবসায়ী আমিনুল ইসলাম।

মামলায় আসামি করা হয়েছে মো. হৃদয়, শুক্কুর, নয়ন, ফরহাদ, শফি আলম, আদি ও আফসারকে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে। মামলার অভিযোগগুলো যাচাই করে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন