চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বিস্ফোরক পাউডার উদ্ধার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে একটি আমবাগান থেকে ১০টি ককটেল ও প্রায় ৫ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-৫ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের এসমা কলেজপাড়া এলাকা থেকে এসব আলামত উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহারাজপুর ইউনিয়নের এসমা কলেজ পাড়া এলাকায় অভিযান চালায়। বোম্ব‌ ডিসপোজাল ইউনিটের সহায়তায় আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল, ২ দশমিক ৮ কেজি গান পাউডার এবং ২ দশমিক ১৫০ কেজি কালো বারুদ গুঁড়া উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।

র‍্যাব আরও জানায়, আলামতগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে আলামতগুলো সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন