ফিফা আসিয়ান কাপ খেলে বাস্তবতা বুঝে এসেছে বাংলাদেশ। তিক্ত অভিজ্ঞতার আলোকে ন্যাশনাল টিমস কমিটি, ডেভেলপম্যান্ট কমিটি এবং টেকনিক্যাল কমিটি যৌথ সভার পর খেলোয়াড়দের নিবেদন নিয়ে নড়েচড়ে বসার কথা জানানো হয়েছে।
সভার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলছিলেন, ‘আসিয়ান কাপে কিছু খেলোয়াড়ের নামে অভিযোগ এসেছে, ফেসবুকেও ছবি এসেছে। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা খতিয়ে দেখব। খেলোয়াড়দের সঙ্গে আমি বসব এবং আমি এ নিয়ে কমিটিকে সুপারিশ করব।’ যোগ করেন, ‘অনেকগুলো খেলোয়াড় টাঙ্গাইলে খ্যাপ খেলেছিলেন, সে অভিযোগটাও এসেছিল। সে ব্যাপারেও খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। যারা অভিযুক্ত, তাদের কাউন্সেলিং সেশনের মতো কিছু বৈঠক করব ব্যক্তিগতভাবে। এই খেলোয়াড়দের সঙ্গে সংযোগ বাড়াতে চাই, আমরা মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ।’
আসিয়ান কাপ সম্পর্কে বাফুফে সভাপতি বলছিলেন, ‘মিটিংয়ে মূলত আমরা গত আসিয়ান কাপে যেভাবে খেলেছিলাম, সেগুলো বিশ্লেষণ করেছি। একটা অফিসিয়ালি কোচিং স্টাফের রিপোর্ট পাই এবং ম্যানেজমেন্ট স্টাফের রিপোর্ট পাই, যেটা আগামী মিটিংয়ে বিশ্লেষণ করে বিস্তৃতভাবে আলাপ করব।’ যোগ করেন, ‘আসিয়ান কাপ নিয়ে প্রতিটি বিভাগকে জবাবদিহির আওতায় নিয়ে এসেছি আজকে। আমরা খেলোয়াড়দের ব্যাপারেও আলাদাভাবে একটা ডিসিশন নিয়েছি, কীভাবে তাদের জবাবদিহির মধ্যে আনা যায়। বিদেশি কোচিং স্টাফ এবং দেশি কোচিং স্টাফদের ব্যাপারেও বিশ্লেষণ করেছিলাম। আমরা সেখানেও জবাবদিহি বাড়ানোর জন্য রিপোর্ট চাচ্ছি।’
ঘরোয়া শীর্ষ লিগের ভেন্যু নিয়ে চলছে সার্কাস। বিভিন্ন ম্যাচ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, লিগের মানটা যাচ্ছেতাই! বাফুফে সভাপতি ঘরোয়া লিগ ঢেলে সাজাতে এবং ভেন্যু সংক্রান্ত সমস্যা দূর করার বিষয়েও কথা বলেছেন। আলোচনায় ছিল বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দল ঢেলে সাজানোর প্রসঙ্গও। দলগুলো নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন বাফুফে সভাপতি, যাতে ভবিষ্যৎ জাতীয় দলের পাইপলাইন মজবুত করা যায়।
আলোচনার টেবিলে উঠে এসেছিল আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ। ফিফা উইন্ডোর আগে এ আসর শুরু হচ্ছে। ফলে প্রবাসী ফুটবলারদের ছাড়াই সাফ শুরু করতে হবে। পরবর্তী সময়ে এসে প্রবাসী ফুটবলাররা যোগ দেবেন। এই প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেছেন, ‘সাফের ক্যাম্প ২৫ অক্টোবর শুরু করতে চাচ্ছি আমরা। ৩১ অক্টোবর বা ১ নভেম্বর বিদেশ থেকে কোনো দল এনে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে। আমরা কিছু কিছু ক্লাব দলের সঙ্গেও কথা বলব। যেই আসুক আমাদের আসলে একটা প্রস্তুতি ম্যাচ দরকার।’
