‘জয় বাংলা’ স্লোগানকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে কোনো স্থান হবে না।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
চলমান সহিংসতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তার দাবি, পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে এ ধরনের কর্মকাণ্ড করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এসব অপরাধ মোকাবিলা করা হবে।
হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। দলটি এখন বিচ্ছিন্ন কিছু সহিংস কর্মকাণ্ডে সীমাবদ্ধ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়াই তাদের কর্মকাণ্ডের ধরন হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনায় দেশের মানুষ আতঙ্কিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের কর্মকাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধের সঙ্গে জড়িত কেউই বিচারের বাইরে থাকতে পারবেন না। যথাসময়ে তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাসীদের জন্য বাংলাদেশে কোনো জায়গা নেই। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো দেশেই সন্ত্রাসীদের আশ্রয় পাওয়ার সুযোগ থাকা উচিত নয়।
সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক-উভয় ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের অবস্থান ও দৃশ্যমান অগ্রগতি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যা নিয়ে দেশের সব মানুষ গর্ব করতে পারবেন।
