জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শোকাতুর এই মুহূর্তে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ ও ধৈর্যশীল থাকার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এছাড়াও, মরহুমার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামাজে জানাজার দিন (আগামীকাল) সারাদেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। তিনি তাঁর পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। মহান আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেন যেন সকলকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি প্রদান করেন।

বক্তব্যে উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক বিশিষ্ট ও মহিমান্বিত ব্যক্তিত্ব ছিলেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয়। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে।

তিনি বলেন, দেশের প্রতি বেগম খালেদা জিয়ার অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এমন একজন মহান, দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়া সম্ভব নয়।

প্রধান উপদেষ্টা জাতির প্রতি আহ্বান জানান, আসুন সবাই মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং এই শোকাবহ সময়ে ঐক্যবদ্ধ থাকি। তিনি সতর্ক করেছেন, কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার জন্য।

তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল তাঁর নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি থাকবে। শোক পালন ও নামাজে জানাযা যথাযথ শৃঙ্খলায় সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টা সবার প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা আশাবাদ প্রকাশ করেছেন, দেশের মানুষ ধৈর্য বজায় রাখবেন এবং শোক অনুষ্ঠানগুলোতে সহযোগিতা করবেন। তিনি প্রার্থনা করেছেন মহান আল্লাহ তায়ালা সবাইকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দিন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর