জামায়াতকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না: মিল্লাত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ এএম

জামালপুর–১ আসনে নির্বাচনি প্রচারে ভোটের সমীকরণ নিয়েই সরব বিএনপি প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত। জনসভায় তিনি ভোটারদের কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে একাধিক নির্বাচনি সভায় অংশ নেন মিল্লাত। দিনভর তিনি বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।

সানন্দবাড়ী, পাটাধোয়াপাড়া, শেখপাড়া ও আমতলী মোড়ে আয়োজিত সভায় মিল্লাত বলেন, জামায়াতকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না। তার ভাষ্য, দলটির সরকার গঠনের সম্ভাবনা নেই।

তিনি বলেন, দীর্ঘ সময় পর ভোট দেওয়ার সুযোগ এসেছে, তাই তা ফলপ্রসূ করতে হবে। বিএনপি ২৪০ থেকে ২৫০ আসনে জিতে সরকার গঠন করবে বলেও দাবি করেন তিনি।

মিল্লাত আরও বলেন, যে দল সরকার গঠন করবে, ভোট দেওয়া উচিত সেই দলকেই। বিএনপি ক্ষমতায় এলে দরিদ্র পরিবারগুলোর জন্য ফ্যামেলি কার্ড চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ২০০১ সালে নির্বাচিত হয়ে পোল্যাকান্দি সেতু নির্মাণ করেছিলেন। এবার নির্বাচিত হলে দেওয়ানগঞ্জ থেকে সানন্দবাড়ী পর্যন্ত নদীতে বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানান।

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি। সভাগুলোতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন