জামায়াতে ইসলামী একটি সংখ্যালঘু গোষ্ঠীর সংগঠন, কামরুল হুদা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

জামায়াতে ইসলামী একটি সংখ্যালঘু গোষ্ঠীর সংগঠন। তাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। তারা কখনোই জনগণের দল হতে পারেনি।

সোমবার (০২ ফেব্রুয়ারি) রাতে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এবং জগন্নাথদিঘি ইউনিয়নের পায়ের খোলা স্কুল মাঠে আয়োজিত পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদা এসব কথা বলেন।

কামরুল হুদা বলেন, ৫ আগস্টের পর জামায়াত খারাপ লোকদের নিয়ে তথাকথিত যুবক বিভাগ গঠন করেছে, অথচ তাদের কোনো শক্ত সংগঠনই নেই। জামায়াত ইসলামী জনগণের দল নয়, এটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর দল।
তিনি আরও বলেন, জামায়াতের সংগঠনে হিন্দু ভাই-বোনদের কমিটিতে রাখার কোনো নিয়ম নেই। তাহলে তারা কীভাবে জনগণের দল হয়?

নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত কখনোই নারীদের সম্মান দেয়নি। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে আমাদের মা-বোনদের তুলে দিয়েছে তারা। জামায়াত নারীদের ঘরে বন্দি করে রাখতে চায়।
বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে কামরুল হুদা বলেন, জামায়াত নির্বাচনে এলেও তাদের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ভাতা কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। তরুণদের মতামতের গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করা হবে।

তিনি দাবি করেন, বিএনপির হাতেই দেশ নিরাপদ। তাই আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিন।

শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সঞ্চালনা করেন শাখাওয়াত হোসেন মিঠু ও সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন ফরাজি লাল্টু, শাহ আলম, উপদেষ্টা ফজলুল হক, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামসহ আরও অনেকে।

অন্যদিকে জগন্নাথদিঘি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশা। সভায় আরও বক্তব্য দেন চৌদ্দগ্রাম পৌরসভা মহিলা দলের মরিয়ম সুলতানা শিখা, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলাইমান চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, সদস্য মোখলেছুর রহমান রানা এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর