গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে বাউল শিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ শিল্পীর জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হয়। ধর্ম অবমাননার অভিযোগে প্রায় ৫ মাস তিনি কারাভোগ করেন। জেলার হালিমা বেগম তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিন আবেদনের ওপর শুনানি শেষে গত ৬ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ আবুল সরকারকে অন্তর্বর্তী জামিনের আদেশ দেন। পরে রোববার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জামিন আদেশ পৌঁছালে তিনি মুক্তি পান। কারাগারের মূল ফটক থেকে সাদা মাইক্রোবাসে গ্রামের বাড়ি মানিকগঞ্জের দিকে রওনা দেন তিনি।
গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। ধর্ম অবমাননার অভিযোগে পরদিন মানিকগঞ্জের ঘিওর বন্দর মসজিদের ইমাম আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
