২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

বাংলাদেশের প্রতিটি অর্জনই দীর্ঘ সংগ্রামের ফল বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গৌরবান্বিত এবং দেশের প্রতিটি অধিকার সংগ্রামের মাধ্যমেই অর্জিত হয়েছে। ২৪-এর গণ আন্দোলনের সঙ্গে যারা সরাসরি যুক্ত ছিলেন, তারাই প্রকৃত বাস্তবতা তুলে ধরতে সক্ষম।

প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদী তত্ত্বের মাধ্যমে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব জাতিগোষ্ঠীকে নিয়ে ‘রঙধনু জাতি’ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপনের আয়োজন সেই বহুত্ববাদী চেতনারই প্রতিফলন দেখা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, শাটল ট্রেনের সমস্যা সমাধানে আমি রেল প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলব। তিনি জাতীয় সংসদে আমার পাশের সিটেই বসেন। আর ১০টি হল নির্মাণের জন্য যে ডিপিপি তৈরি করা হয়েছে, সেটার অগ্রগতি নিয়ে আমি কাজ করব।

পহেলা বৈশাখ উদযাপন কমিটি-২০২৬ এর আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, চাকসু ভিপি, জিএস ও এজিএস প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর