একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টাইগাররা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলতে নেমেছে। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বেলা ১২টায়।
দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে অধারাবাহিক হলেও জায়গা ধরে রেখেছেন ওপেনার সাদমান ইসলাম। স্কোয়াডে ফেরার পর একাদশেও আছেন স্পিনার নাঈম হাসান। তার সঙ্গে অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ স্পিন বিভাগ সামলাবেন। একাদশে দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
তবে জায়গা হয়নি তাওহীদ হৃদয়ের। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে হৃদয় একটা অবিশ্বাস্য কীর্তিই গড়ে ফেলেছিলেন। খেলে ফেলেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। ৩৫২ রানের সেই ইনিংস খেলেও অবশ্য ভাগ্য খুলল না তার। তাকে ছাড়াই আজ আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ।
এদিকে, প্রথমবারের মতো আফগানদের টেস্টে নেতৃত্ব দিতে নেমেছেন রহমত শাহ। তার দলে তিনটি করে স্পিন ও পেস অপশন রাখা হয়েছে। দু’দল এখন পর্যন্ত দুই বার টেস্টে মুখোমুখি হয়ে ফিফটি-ফিফটি ফল। বাংলাদেশ ও আফগানরা জিতেছে একটি করে।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ : আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম।
