জেবুকে নিয়ে এত আগ্রহ দেখে যা বললেন জাইমা রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

রাজধানীসহ দেশের নেটিজেনদের মন জয় করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পোষা সাইবেরিয়ান বিড়াল ‘জেবু’। চলতি বছরের শুরুতে তারেকের মোবাইলের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই এই লোমশ বিড়ালকে ঘিরে কৌতূহল বেড়ে গেছে।

তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ফেসবুকে লিখেছেন, জেবুর জনপ্রিয়তা দেখে তিনি একদিকে মজাই পাচ্ছেন, অন্যদিকে খানিকটা বিস্মিতও হয়েছেন। তিনি বলেন, ‘জেবুকে ঘিরে এত কৌতূহল দেখে আমি কিছুটা অবাক, আবার মজাও পাচ্ছি। ভাবছি, ও যদি বিষয়টা বুঝতে পারত।’

জাইমা আরও জানিয়েছেন, জেবু কিভাবে পরিবারের সবচেয়ে প্রিয় সদস্য হয়ে উঠেছে। ছোট্ট বিড়ালছানা হিসেবে পরিবারের কাছে আসার সময় সে কখনো এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা কেউ কল্পনাও করেনি। তিনি বলেন, ‘আমাদের পরিবারের সদস্যরা বাসায় ফেরার আগে জেবুর খবর নিয়েছেন, তারপর আমার। বাগান বা পাড়ায় হাঁটতে গেলে জেবু সব সময় চারপাশে লাফিয়ে ঘুরত। সন্ধ্যায় আব্বুর অনলাইন মিটিং শেষ হওয়া পর্যন্ত কোলে বসে থাকত, আর আমার সঙ্গে ও যেন সব সময় আমার মনের অবস্থা বুঝে সঙ্গ দিত।’

জাইমা আরও প্রকাশ করেছেন, পোষা প্রাণীর সঙ্গে জীবন যাপন ধৈর্য ও মমতার পাঠ শেখায়। ‘ভালোবাসা প্রজাতির সীমা মানে না। আমরা ছোটবেলা থেকেই পশু-পাখির সঙ্গে বড় হয়েছি। যারা অন্য কোনো জীবের দায়িত্ব নেন, তারা নিজেদের সম্পর্কে অনেক কিছু শিখে ফেলেন, যা আগে ভাবেনওনি।’

জেবুর আচরণ নিয়েও জাইমা কিছু মজার তথ্য শেয়ার করেছেন। তিনি লিখেছেন, জেবু কখনো ‘মিউ মিউ’ করে না, খুশি বা অবাক হলে পাখির মতো নরম করে ডাক দেয়, আর অনুমতি ছাড়া কোলে নিলে হালকা বিরক্তিতে গোঁ গোঁ শব্দ করে। তবে যে বিড়াল ওর পছন্দ নয়, তাদের দিকে শক্তভাবে চিৎকার করতে দ্বিধা করে না।

বাংলাদেশে সাধারণত দেশি বা পার্সিয়ান জাতের বিড়াল দেখা যায়। সেই তুলনায় সাত বছর বয়সী সাইবেরিয়ান জেবু একটি বিরল এবং আকর্ষণীয় প্রজাতি। তার লোমশ চেহারা ও স্বতন্ত্র আচরণই মূলত নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর