ঠাকুরগাঁও-১ ভোট: অপতথ্য ঠেকাতে মনিটরিং সেল গঠন করছে ইসি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সেনাবাহিনীসহ ১৬টি মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও সংস্থার কাছে অভিজ্ঞ প্রতিনিধি মনোনয়নের জন্য চিঠি পাঠিয়েছে কমিশন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ নম্বর ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে গত ১০ সেপ্টেম্বর তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ‘আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটি’ গঠন করা হবে। 

এই কমিটির কার্যক্রম সমন্বয় ও তদারকির জন্য নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের নিয়ে ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এ জন্য উপসচিব, মেজর বা পুলিশ সুপার পদমর্যাদার নিচে নয়- এমন অভিজ্ঞ প্রতিনিধি জরুরি ভিত্তিতে মনোনয়ন দিয়ে তাদের নাম ও মোবাইল নম্বর পাঠাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

প্রতিনিধিদের নিজ নিজ বাহিনীর সংগঠন, চেইন অব কমান্ড ও মোতায়েনসংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। একই সঙ্গে সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে মোতায়েন করা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ এবং দক্ষতার সঙ্গে তথ্য আদান-প্রদানের সক্ষমতা থাকতে হবে। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত প্রযুক্তিগত জ্ঞানও থাকতে হবে তাদের।

ইসির চিঠিতে জানানো হয়েছে, ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’-এর ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন লে. কমান্ডার মো. সাদমান রাফি (এক্স), উপ-প্রকল্প পরিচালক, মনিটরিং ও ইভ্যালুয়েশন শাখা, আইডিইএ প্রকল্প (২য় পর্যায়)।

ইতোমধ্যে সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের কাছে প্রতিনিধি মনোনয়নের জন্য চিঠি পাঠানো হয়েছে।

চিঠি পাঠানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আইন ও বিচার বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র‍্যাব, বিটিআরসি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

তপশিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন