ডিমলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস যাত্রা শুরু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

নীলফামারীর ডিমলা উপজেলায় ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও বাংলা কিউআর বাস্তবায়নের লক্ষ্যে ‘ক্যাশলেস ডিমলা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি ডিমলা উপ-শাখা।

আজ সোমবার (১২ জুলাই) বেলা ১২টায় উপজেলার বাবুরহাট মেইন রোডে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংকের নীলফামারী শাখার ব্যবস্থাপক এটিএম রেদওয়ানুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুটিবাড়ী শাখার অফিসার মো. সেলিম খান এবং উদ্বোধনী বক্তব্য দেন ডিমলা উপ-শাখার ব্যবস্থাপক মো. আবু সাঈদ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। বিশেষ অতিথি ছিলেন ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান ও পূবালী ব্যাংক শুটিবাড়ী শাখার ব্যবস্থাপক মো. মোরসালিন শাহ। এ ছাড়া ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়। ব্যাংক কর্মকর্তারা জানান, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকেরা সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট গ্রহণ সহজ হয়ে উঠবে।

প্রধান অতিথির বক্তব্যে রওশন কবির বলেন, “বাংলা কিউআর কোনো কোম্পানির নয়, এটি বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ। এর মাধ্যমে সব ধরনের পেমেন্ট সার্ভিস ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পিওএস মেশিনেও বাংলা কিউআর ব্যবহার সম্ভব।”

তিনি আরও বলেন, “অনলাইন লেনদেনে কিছু চ্যালেঞ্জ থাকলেও আমাদের সচেতনতা ও সক্ষমতা বাড়াতে হবে। সমস্যার কারণে এই সুবিধা ব্যবহার থেকে বিরত থাকা যাবে না। বিশেষ করে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ, কেউ ওটিপি চাইলে তা কখনোই দেবেন না। ব্যাংক কর্মকর্তারা কখনোই গ্রাহকের কাছে ওটিপি চান না।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার পাশাপাশি সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর