নীলফামারীর ডিমলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জনসংখ্যাকে দেশের বোঝা নয়, সম্ভাবনায় রূপ দিতে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বক্তারা বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে টেকসই উন্নয়নের পথ আরও সুগম হবে।
রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলনকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।
প্রধান অতিথির বক্তব্যে রওশন কবির বলেন, একসময় জনসংখ্যাকে দেশের অন্যতম সমস্যা হিসেবে দেখা হলেও বর্তমানে তা সম্ভাবনা হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ফলে জনসংখ্যা বৃদ্ধি আগের মতো সংকটের কারণ নয়। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’-এর সুবিধাজনক সময় অতিক্রম করছে। দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতের উন্নয়ন আরও গতিশীল হবে। বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য যাওয়া অনেকেই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাচ্ছেন এবং ভবিষ্যতেও রাখবেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিমলা উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. রোকনুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. রেজাউল করিম প্রামাণিক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. হাসান আলী, মো. তারিকুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীরা।
