কোচের সঙ্গে বিবাদ। চূড়ান্ত অপমানিত হয়ে পর্তুগাল শিবির ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ভাইয়ের এই অপমান হজম করতে পারছেন না বোন এলমা। বিস্ফোরক বার্তায় তিনি বলেন, সিআর সেভেনের আরও সম্মান প্রাপ্য। একই সঙ্গে জাতীয় দলেরও আরও ভালো কাঠামো দরকার। আসলে পর্তুগাল যোগ্যদের সম্মান দেয় না।
গতকাল বুধবার রাতে সম্ভবত সবচেয়ে অপ্রত্যাশিত এবং অনভিপ্রেতভাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে পর্তুগাল শিবির ছাড়তে হয়েছে। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের শেষ ম্যাচে পর্তুগাল কোচ জর্জ জেসুস মাঠে নামাননি দলের মহাতারকাকে। মাঠে নামানোর জন্য ওয়ার্ম আপ করানোর পরও সিআর সেভেনকে মাঠে নামানো হয়নি। ডেনমার্কের বিপক্ষে আজ বৃহস্পতিবারের ম্যাচেও তাকে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর সাংবাদিক সম্মেলনে রোনালদো সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলে দেন, ‘আমার কাছে মাত্র একজন ফুটবলার রয়েছে তেমন নয়। আমাদের একমাত্র লক্ষ্য নেশনস লিগ জেতা। রোনালদোই তো সব নয়।’ কোচের ওই ‘অসম্মানজনক’ মন্তব্যেই রেগে যান সিআর সেভেন। যার পর পর্তুগাল শিবির ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ক্রিস্টিয়ানো।
সিআর সেভেন কোপেনহেগেন থেকে সোজা চলে যান মাদ্রিদে পরিবারের সঙ্গে দেখা করতে। তারপরই তার বোন এলমা একটি বিস্ফোরক বার্তা শেয়ার করেছেন। এলমার বক্তব্য, ‘পর্তুগাল বোধ হয় কোনও কিছুতেই সেরাটা পাওয়ার যোগ্য নয়। রোনালদো আরও অনেক বেশি সম্মান পাওয়ার যোগ্যতা ছিল। পর্তুগালবাসী কোনও কিছুতে সেরা পেতে পারে না। আমরা হিংসুটে, অবজ্ঞাপূর্ণ, অজ্ঞ। আসলে রোনালদোর আসার আগে আমরা যে মধ্যমেধায় আচ্ছন্ন ছিলাম, সেই মধ্যমেধার অন্ধকারে ডুবে যাওয়াটাই আমাদের প্রাপ্ত।’ নিজের বার্তা শেষে রোনালদোকে যেভাবে ধন্যবাদ জানিয়েছেন এলমা, তাতেই স্পষ্ট ইঙ্গিত রয়েছে, হয়তো দেশের হয়ে শেষ ম্যাচ খেলা হয়ে গেছে সিআর সেভেনের।
আসলে কোচের সঙ্গে রোনালদোর সম্পর্ক একেবারে তলানিতে। তিনি একদিন আগেই সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছেন, ‘একজন বড় খেলোয়াড় মানেই তাকে বিশেষ সুবিধা দেওয়া যায় না। বিশেষ সম্মান পেতে পারেন। সুবিধা নয়। সেটাই আমার ফুটবলারদের বলে দিয়েছি। এখানে আমিই শেষ কথা।’ এলমা সম্ভবত সেটারই জবাব দিলেন।
