ঢাকায় বেড়াতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত, না ফেরার দেশে শিশু তাবিথ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ এএম

বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল ঢাকায়। কিন্তু সেই বেড়ানোই যেন জীবনের শেষ যাত্রায় রূপ নিল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে চলে গেল তিন বছরের শিশু মো. তাবিথ।

তাবিথ ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের চারিগ্রামের সৌদি আরব প্রবাসী আবু সাঈদ ও লিজা আক্তার দম্পতির দ্বিতীয় ছেলে। তার মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে আবু সাঈদ সপরিবারে ঢাকায় বেড়াতে যান। সেখানে অসুস্থ হয়ে পড়ে শিশু তাবিথ। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে পাঁচ দিন চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে চারিগ্রামের স্থানীয় কবরস্থানে তাবিথকে দাফন করা হয়। ছোট্ট শিশুটিকে চিরবিদায় জানাতে সেখানে জড়ো হন স্বজন ও স্থানীয়রা।

দাফনের সময় সন্তান হারানোর শোকে বারবার কান্নায় ভেঙে পড়েন তাবিথের মা লিজা আক্তার ও বাবা আবু সাঈদ। বড় ভাই লাবিবসহ স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। যে সন্তানকে ঘিরে ছিল পরিবারের নানা স্বপ্ন, মাত্র তিন বছর বয়সেই সেই সন্তানকে হারিয়ে এখন থেমে গেল সবকিছু। 

নিহতের বাবা আবু সাঈদ কালবেলাকে জানান, ঢাকায় বেড়াতে যাওয়াই যেন আমার জন্য কাল হলো। চারিদিকে ডেঙ্গুর প্রকোপ এভাবে ছড়িয়ে পড়েছে এটা আগে জানলে ঢাকায় যাওয়া বাতিল করতাম। ফুলের মতো শিশুকে হারিয়ে তার মাও বারবার বেহুঁশ হয়ে যাচ্ছেন। জ্ঞান ফিরে আসলেই ছেলেকে খুঁজছেন। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন