ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দিয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শনিরআখড়া, রায়েরবাগ ও হাবিব নগর এলাকায় উচ্চচাপ বিশিষ্ট গ্যাস পাইপলাইন থেকে নির্মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ।
এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে, যা ভোগান্তিতে ফেলেছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের। তবে নিরাপদ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সাময়িক এই অসুবিধার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে।
