ঢাকাসহ ৮ বিভাগীয় শহরে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ এএম

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও বাংলাদেশকে ‘ভারতীয় প্রভাব’ থেকে মুক্ত করার দাবিতে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরে একযোগে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।

তিনি জানান, রবিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা (মাগরিব) পর্যন্ত আট বিভাগীয় শহরে একযোগে এ অবরোধ চলবে।

পরে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, আগামীকাল (রবিবার) ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।

আবদুল্লাহ আল জাবের শাহবাগে সমবেত সমর্থকদের উদ্দেশে বলেন, যারা আজ এসেছেন, তারা যেন আগামীকালও শাহবাগে এসে দাঁড়ান এবং ইনসাফের এই লড়াই চালিয়ে যান।

তিনি সতর্ক করে বলেন, কোনো প্ররোচনায় বা কারো প্রয়োজনে এই অবরোধ তুলে নেওয়া যাবে না।

জাবেরের দাবি, এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং এটি ‘ভারতের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার অবরোধ’।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচারের ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে আমরা তাকেও মানব না।

তিনি আরও জানান, ইনসাফের লড়াইয়ে তারা কোনো উপদেষ্টার সঙ্গে কোনো ধরনের আপসে যাবেন না।

তিনি বলেন, অনেক মিডিয়া বিভ্রান্তি ছড়াচ্ছে, আমরা ‘যমুনা ভবন ঘেরাও’ করতে যাচ্ছি, যা এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম। তিনি অনুসারীদের নির্দেশ দেন, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা না আসা পর্যন্ত কোনো সংবাদমাধ্যমের খবরের ওপর ভরসা করবেন না।

জাবের দাবি করেন, গত কয়েকদিন ধরে তাদের হত্যার হুমকি দেওয়া হলেও তারা মৃত্যুকে ভয় করেন না এবং ‘শাহাদাতের তামান্না’ নিয়ে রাজপথে দাঁড়িয়েছেন।

তিনি উপস্থিত জনতাকে জিজ্ঞেস করেন, আমরা যদি শহীদ হয়ে যাই, আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন? উপস্থিত ছাত্র-জনতা ‘না’ বললে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার নেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর