তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের ছেলেরা ঘুরে ঘুরে চাকরি খোঁজে। এভাবে চাকরি পাওয়া যাবে না। চাকরি তো অসম্ভব। এজন্য আমাদের নিজেদের আত্মকর্সসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।
মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা খালি অমুকের ভাই… ভাই একটু বলে দেন। বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত, বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফোরলেন মহাসড়ক নির্মাণসহ নানা অবকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত শুরু করা হবে। তিনি এলাকার মানুষের কল্যাণে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
