তনু হত্যা মামলার জট কিভাবে খুলল, জানালেন আইনমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ মে ২০২৬, ০৯:১৭ পিএম

রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক পরামর্শ সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায়ে দীর্ঘ ১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলার তদন্তে জট খুলতে শুরু করেছে। তিনি বলেন, ঈদের দিন প্রধানমন্ত্রী তাকে ফোনে মেসেজ পাঠিয়ে এ মামলার তদন্ত অগ্রগতি জানতে চান। পরবর্তীতে তার কাছে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

আইনমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের কারণেই সুদীর্ঘ ১০ বছর পর এ মামলার জট খুলতে শুরু করে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পর্যায়ক্রমে মামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ঈদের পর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অগ্রগতি সম্পর্কে সবিস্তারে জানানো হয়।

তিনি উল্লেখ করেন, বিষয়টি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত হলেও আইন মন্ত্রণালয়ও তৎপরতা অব্যাহত রেখেছে। দীর্ঘ ১০ বছরে যেসব কাজ হয়নি, তার অনেকগুলো প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে সেগুলো বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা ও তা নিরসনের কার্যকর উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন