বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার জন্য নির্মিত পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের মঞ্চে শরিক দলগুলোর নেতারা রয়েছেন। দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফেরা তারেক রহমানকে এখানে স্বাগত জানানো হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী শরিক দলগুলোর নেতাদের মঞ্চে আনেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীসহ অনেকে মঞ্চে ছিলেন।
তারেক রহমানকে স্বাগত জানাতে গত বুধবার রাত থেকেই পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় অবস্থান নেন সারাদেশ থেকে আসা নেতা-কর্মীরা। অনেকেই সেখানেই রাত যাপন করেন। বৃহস্পতিবার সকালেই এলাকাটি লোকারণ্যে পরিণত হয়। সকাল ১১টার দিকে দেখা যায়, পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পুরো সড়কজুড়ে অবস্থান নিয়েছেন নেতা-কর্মীরা।
এছাড়াও, বনানী, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত ও বিমানবন্দর সড়কেও বিএনপির নেতা-কর্মীদের ঢল নামে। পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে ছাড়াও যেসব সড়ক দিয়ে তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল ও গুলশানের বাসভবনে যাবেন বলে ধারণা করা হচ্ছে, সেসব সড়কেও বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
