
সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, বিড়ালটি মূলত তার মেয়ের হলেও এখন পরিবারের সবারই প্রিয়। সে সাক্ষাৎকারেই তিনি পোষা বিড়ালটির নাম ‘জেবু’ বলে উল্লেখ করেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন। তার সঙ্গে ফিরেছে তারেক রহমানের আদরের পোষা বিড়াল ‘জেবু’। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিড়াল জেবু সাইবেরিয়ান ব্রিডের। তার বয়স এখন ৭ বছর।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের ব্যস্ত সময়ের ফাঁকে জেবুর সঙ্গে খুনসুটি ও আদুরে মুহূর্তের ছবি একাধিকবার ভাইরাল হয়েছে। এসব ছবি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং প্রাণীর প্রতি তার ভালোবাসা প্রশংসিত হয়।
তারেক রহমান নিজেও তার ভেরিফাইড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্ত শেয়ার করেছেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও পরিচিত হয়ে ওঠে বিড়াল জেবু। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, বিড়ালটি মূলত তার মেয়ের হলেও এখন পরিবারের সবারই প্রিয়। সে সাক্ষাৎকারেই তিনি পোষা বিড়ালটির নাম ‘জেবু’ বলে উল্লেখ করেন।
এ সময় প্রাণীর প্রতি ভালোবাসা ও মানবিক দায়িত্বের বিষয়েও নিজের মতামত তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, তাই তার প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে তারেক রহমানের দেশে ফেরা এবং তার সঙ্গে পোষা বিড়াল জেবুর আগমন—দু’টিই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রার আলোচনা সৃষ্টি করেছে।
