বৃষ্টির দাপটে ম্যাচ নেমে এসেছিল ১৬ ওভারে। তবে তাতে উত্তেজনার কমতি ছিল না। তালহা জুবায়েরের ঝোড়ো ব্যাটিংয়ের পর ইস্পাহানী কর্ণফুলীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং দুইয়ে মিলে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দারুণ এক জয় তুলে নিয়েছে চট্টগ্রাম জেলা ও মহানগর নিয়ে গড়া দলটি। ফর্টিস ময়নামতিকে ৩৬ রানে হারিয়ে পিএইচপি চট্টগ্রাম রিজিওনাল ক্রিকেট টি-২০ টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ইস্পাহানী কর্ণফুলী।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ১৬ ওভারে ১৫০ রান সংগ্রহ করে ইস্পাহানী কর্ণফুলী। দলের ইনিংসে মূল আলো ছড়ান তালহা জুবায়ের। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ২৯ বলে ৪৯ রান করেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ২টি ছক্কায়।
তালহার সঙ্গে ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখেন মো. শহিদুল ইসলাম ও সাদিকুর রহমান। শহিদুল ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আর সাদিকুরের ব্যাট থেকে আসে ২৫ বলে ২৭ রান।
ইস্পাহানীর রানের গতি থামাতে ফর্টিসের বোলাররা কয়েক দফা আঘাত হানলেও বড় সংগ্রহ গড়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেননি। সঞ্জিত মজুমদার ৩ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট, শামিম মিয়া ৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট এবং পরাণ ২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই রান তোলার চাপে পড়ে ফর্টিস ময়নামতি। ইস্পাহানীর বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি যেতে পারেনি তারা। তাতে ৩৬ রানের জয় নিশ্চিত হয় ইস্পাহানী কর্ণফুলীর।
ফর্টিসের হয়ে একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন সজিব মিয়া। ২৮ বলে ৩৮ রান করে তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ইয়াসিন আরাফাত ১৬ বলে ১৫ এবং ইরফান সাবরি তাকরিন ১৯ বলে ১৫ রান করেন।
ইস্পাহানীর বোলিং আক্রমণে সবচেয়ে কার্যকর ছিলেন মো. ইরফান হোসাইন। ৩ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। সাজেদ রিফাত মাত্র ১৩ রান খরচায় ২ উইকেট নিয়ে ফর্টিসের ব্যাটিংয়ে চাপ তৈরি করেন। রতনও ছিলেন কৃপণ; ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। মো. রুবেল ৪ ওভারে ১৮ রান দিয়ে শিকার করেন ১ উইকেট।
ব্যাট হাতে ঝড় তোলা তালহা জুবায়েরই নির্বাচিত হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ ও সেরা ব্যাটার। অন্যদিকে বল হাতে কার্যকর পারফরম্যান্সে সেরা বোলারের পুরস্কার পেয়েছেন মো. ইরফান হোসাইন।
তবে প্রতিপক্ষের হয়েও লড়াইয়ের স্বীকৃতি পেয়েছেন ফর্টিসের শামিম মিয়া। ব্যাট হাতে ৯ বলে ৮ রান করার পাশাপাশি বল হাতে ৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেওয়ায় তিনি পেয়েছেন ফাইটার অব দ্য ম্যাচের পুরস্কার।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে গেলেও প্রথম ম্যাচেই ব্যাট-বলের দারুণ লড়াই উপহার দিয়েছে দুই দল। আর শেষ হাসি হেসেছে ইস্পাহানী কর্ণফুলী তালহার ব্যাটে ঝড়, বোলারদের নৈপুণ্যে জয়; টুর্নামেন্টে শুভ সূচনা চট্টগ্রামের দলটির।
