তিস্তা নদীর আকস্মিক পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতি, নদীভাঙন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিয়ে জাতীয় সংসদে সরকারের কাছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত ২৮ জুন ২০২৬ রাত ১০টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে ৫২ দশমিক ২৪ মিটার প্রবাহিত হয়। এর ফলে নীলফামারীর পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগা খড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। একই সঙ্গে পূর্ব খড়িবাড়ি, ছোটখাতা ও ছাতুনামা এলাকার স্পারবাঁধসংলগ্ন স্থানে নদীভাঙন শুরু হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড নিশ্চিত করেছে।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের জরুরি উদ্যোগ সম্পর্কে জানতে চান তিনি। সংসদ সদস্য বলেন, পানিবন্দী পরিবারের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও নিরাপদ আশ্রয়ের কী ব্যবস্থা নেওয়া হয়েছে- সরকারের কাছে তিনি তার স্পষ্ট ব্যাখ্যা চান।
নদীভাঙন প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যেসব এলাকায় ভাঙন শুরু হয়েছে সেখানে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কী ধরনের জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা কী, সেটিও সংসদে জানতে চান তিনি।
অধ্যক্ষ আব্দুস সাত্তার আরও বলেন, প্রতি বছর তিস্তা অববাহিকার মানুষ বন্যা ও নদীভাঙনের শিকার হচ্ছে। তাই দীর্ঘমেয়াদে তিস্তার বন্যা ও নদীভাঙন নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের জন্য বর্তমান সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, সে বিষয়েও তিনি মাননীয় পানিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
একই সঙ্গে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুজ্জামান হাবিব দুলুর দৃষ্টি আকর্ষণ করে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় কী কী কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়েও তিনি বিস্তারিত জানতে চান।
সংসদে দেওয়া বক্তব্যে তিস্তা তীরবর্তী মানুষের দুর্ভোগ, জরুরি ত্রাণ কার্যক্রম, নদীভাঙন প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান নীলফামারী-১ আসনের এই সংসদ সদস্য।
