যুক্তরাজ্য থেকে আগামী শনিবার দেশে পৌঁছাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ। লন্ডন থেকে শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় তার কফিন দেশে পাঠানো হবে। সেই ফ্লাইট শনিবার সকালে দেশে পৌঁছাবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদ প্রাঙ্গণে তার মরদেহ রাখা হবে। জোহরের নামাজের পর সেখানে এক দফা জানাজা হবে।
২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন তৌফিক ইমরোজ খালিদী। তার সাবেক অনেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ব্রিক লেইন জামে মসজিদে তার জানাজায় অংশ নেবেন।
মরদেহ দেশে আসার পর তার জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে তার পরিবার।
উল্লেখ্য, ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
