সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল পাকিস্তান। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ রোববার তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপকে। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে।
ম্যাচের ৩ থেকে ২৩ মিনিটের মধ্যেই সাবেক দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপের জালে বল জড়ান পাকিস্তানের খেলোয়াড়রা। ৩ মিনিটে প্রথম এগিয়ে যাওয়ার পর ৮ মিনিটেই গোলব্যবধান দ্বিগুন করে পাকিস্তান। এরপর ২৩ মিনিটে তৃতীয় গোলটি হজম করে মালদ্বীপ। এরপর আর কোন গোল না হলে অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান।
এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে আজ রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভুটান। বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরে ইতিমধ্যে চাপে রয়েছে দলটি। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে ভুটানের। তবে জয় পেলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার সুযোগ থাকবে তাদের সামনে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে আসর শুরু করতে চাইবে শ্রীলঙ্কা।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ঢাকায় শুরু হয়েছে সাফের ১৫তম আসর। নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ ও ভারত।
