দেশের আরও ৪ জেলায় বন্যার শঙ্কা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ মে ২০২৬, ০৯:৩২ পিএম

ভারী বৃষ্টিতে কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ৩ দিনের অতি ভারী বৃষ্টিপাতে নতুন করে আরও ৪ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শনিবার (২ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি ভারী এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার এই ৪ অঞ্চলে আগামী ৩ দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এই অবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে তৃতীয় দিন কুশিয়ারা নদীর কোথাও কোথাও পানি সমতল প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন