দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে এ কার্যক্রম পরিচালিত হবে।
এ বিষয়ে অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে অনুমতিটি দেওয়া হয়। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের উদ্যোগে ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মাউশি মনে করে, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ সৃষ্টি এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে চিত্রাঙ্কন ও আর্ট এক্সিবিশন সহশিক্ষা কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যদিও এ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি শর্ত দিয়েছে অধিদপ্তর। শর্ত অনুযায়ী, আয়োজিত কার্যক্রমের জেলাভিত্তিক প্রতিবেদন প্রতি তিন মাস পরপর ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালককে মাউশির শারীরিক শিক্ষা বিভাগে দাখিল করতে হবে।
উল্লেখ্য, চিঠির সঙ্গে আর্টপেপারের চাহিদাপত্র ও সংশ্লিষ্ট কার্যক্রমের নিয়মাবলী সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
