দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ, সরকারের কাছে ৪ দাবি খেলাফত মজলিসের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

দেশের সাম্প্রতিক নাশকতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। এসব ঘটনা প্রতিরোধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। পাশাপাশি বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকর, জননিরাপত্তা নিশ্চিত এবং বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানিয়েছে তারা।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এসব দাবি জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বৈঠকে নেতারা অভিযোগ করেন, সম্প্রতি পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কয়েকটি গাড়ি ও এনসিপির এক নারী সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধাদের ওপর হামলা হচ্ছে। পাহাড়ি, সংখ্যালঘু সম্প্রদায় ও গার্মেন্টস শ্রমিকদের ক্ষুদ্র একটি অংশকে বিভ্রান্ত করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।

নেতারা বলেন, দেশপ্রেমিক জনতা সজাগ রয়েছে। যতই অপচেষ্টা চালানো হোক না কেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম হবে না।

বৈঠকে পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। আওয়ামী লীগ সরকারের আমলের অপরাধীদের বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সিলিন্ডারসহ দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন ও মাওলানা নুরুল হক।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর