দেশে কুরবানির গরুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্তও নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বাজারে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করে বলেন, আগামী দিনে সীমান্ত দিয়ে নতুন করে গরু আসার কোনো সম্ভাবনাও নেই।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানান। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে। ক্ষতির পরিমাণ বিবেচনায় সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরো বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী তিন মাস চলবে এই সহায়তা কার্যক্রম।
আলুর বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসকরা। তখন কৃষিমন্ত্রী জানান, আলুর বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বাড়ানোর মাধ্যমে এ সংকট কাটানোর পরিকল্পনা করছে সরকার।
