দেশে নতুন দুই থানা, বদলাচ্ছে পরিচিত একটির নাম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০২:২০ PM

দেশে নতুন করে দুটি থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন থানা দুটি হলো কক্সবাজারের মাতামুহুরী ও বগুড়ার মোকামতলা। এ ছাড়া ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন মাতামুহুরী থানা স্থাপন করা হবে।

অন্যদিকে, বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় গঠন করা হবে নতুন মোকামতলা থানা।

এ ছাড়া ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্ট প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে নিকারের সভায় উপস্থাপন করা হয়।

নতুন থানা গঠনের পাশাপাশি দুটি নতুন পৌরসভা প্রতিষ্ঠা এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার।