বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে নিয়ে আসা হয়েছে তাদের পরিবারের প্রিয় বিড়াল জেবুকে। ঐতিহাসিক মুহূর্তে শুধু তারেক রহমানই নন, আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বিশেষ অতিথি। ‘জেবু’—একটি অত্যন্ত সুন্দর ও লোমশ সাইবেরিয়ান বিড়াল।
জেবু মূলত তারেক রহমানের কন্যা, ব্যারিস্টার জাইমা রহমানের অতি আদরের পোষা বিড়াল। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জাইমা রহমানের সঙ্গে জেবুর কিছু ছবি ভাইরাল হয়েছিল, যা নেটিজেনদের নজর কেড়েছিল। এবার তারেক রহমানের সাথে এই বিড়ালটির ঢাকায় পদার্পণ এক নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছিল তারেক রহমান জেবুকে সঙ্গে নিয়ে আসবেন।
চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রথমবারের মতো আলোচনায় আসে বিড়ালটি। এরপর একাধিক ছবি ছড়িয়ে পড়লে বিশেষ করে তরুণ প্রজন্ম ও বিড়ালপ্রেমীদের মধ্যে জেবুকে ঘিরে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়।

জেবুর এই অপ্রত্যাশিত জনপ্রিয়তা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। কিন্তু এখন এটি সবার বিড়াল হয়ে গেছে। আমরা সবাই এটিকে খুব ভালোবাসি।’
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরছেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটে অবতরণ করেছে। সকাল ১১টা ৪৫ থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। একই ফ্লাইটে তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের পোষা বিড়াল জেবু।
