দেশে মজুদ গ্যাসে ১২ বছর চলবে: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

দেশে মজুদ গ্যাস ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জাতীয় সংসদে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ত্রয়েদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রম রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয়।

লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এরমধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট মজুদ ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। নতুন কোনও গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান কম বেশি দৈনিক ১৭০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হলে ওই অবশিষ্ট ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের ভিত্তিতে আনুমানিক ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে।

এ সময় গ্যাসের অনুসন্ধান কার্যক্রম তুলে ধরেন মন্ত্রী। 

কূপ খনন ও ওয়ার্কওভার 

পেট্রোবাংলা কর্তৃক কূপ খনন ও ওয়ার্কওভার কর্মপরিকল্পনার আওতায় ৫০ ও ১০০টি কূপ খনন ও ওয়ার্কওভার পরিকল্পনার আওতায় অদ্যাবধি ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কূপগুলো খনন এবং ওয়ার্কওভারের লক্ষ্যে কার্যক্রম বিভিন্ন পর্যায়ে চলমান রয়েছে।

সাইসমিক সার্ভে

বাপেক্স কর্তৃক ব্লক-৭ ও ৯ এ প্রায় ৩৬০০ লাইন কিলোমিটার ২ডি সাইসমিক ডাটা আহরণ করে উপাত্ত প্রক্রিয়াকরণের কাজ চলমান রয়েছে। বিজিএফসিএল কর্তৃক হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা’র ১৪৫০ বর্গ কিলোমিটার এলাকায় ৩ডি সাইসমিক ডাটা আহরনের কার্যক্রম আরম্ভ হবে। পাশাপাশি বাপেক্স কর্তৃক ভোলার চরফ্যাশন এর ৬৬০ বর্গ কিলোমিটার এলাকায়, জামালপুরে ৬৫০ বর্গ কিলোমিটার বিজিএফসিএল কর্তৃক তিতাস, হবিগঞ্জ এবং নরসিংদী সংলগ্ন ৬৩২ বর্গ কিলোমিটার এলাকায় এবং এসজিএফএল কর্তৃক লামিগাঁও, লালাবাজার, গোয়াইনঘাট, কৈলাশটিলা সাউথ এবং ফেঞ্চুগঞ্জ ওয়েস্ট স্ট্রাকচার এ ৮৮২ বর্গ কিলোমিটার এলাকায় ৩ডি সাইসমিক জরিপ সম্পাদনের নিমিত্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন