নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দুই, তিন বা পাঁচ বছরে বাস্তবায়ন করতে পারবো না

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ এএম







স্টাফ রিপোর্টার : জামালপুরে ভুর্চুয়ালি যুক্ত হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সকলের অংশগ্রহনে ফ্যাসিবাদকে দূর করার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। কিন্তু এই স্বপ্ন, এই সরকার আমরা দুই বছর, তিন বছর কিংবা পাঁচ বছরে বাস্তবায়ন করতে পারবো না। এই স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি সেক্টরে নিয়োজিত করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। পড়াশোনাসহ আত্মিক উন্নয়নের মধ্য দিয়ে ভবিষ্যত বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তরুণ প্রজন্ম যেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে পারে সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বতী সরকার। সোমবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ এবং পুন:নির্মিত পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ২০ কোটি টাকা ব্যায়ে কলেজের নবনির্মিত ছাত্রাবাস ও ১ কোটি ২৫ লাখ টাকা ব্যায়ে অডিটোরিয়াম উদ্বোধন করেন উপদেষ্টা।
সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ইকবাল-বিন-মতিন, কলেজের শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর