ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু ঘটনায়,ছোট ভাই আলকাস মিয়া(৫৫) কে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। বুধবার (৭মে)গভীর রাতে নরসিংদী থেকে র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, মৃত আবদুল রাজ্জাকের দুই ছেলে ইসমাইল (৬২),ও আলকাস (৫৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ১৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বাড়ির জমিজমার মালিকানা নিয়ে ইসমাইল ও ছোট ভাই আলকাসের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তমুল বাগ্বিতণ্ডার একপর্যায়ে ছোট ভাই আলকাস তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বড় ভাই ইসমাইল কে মাথায় আঘাত করে। এতে ইসমাইল গুরুতর আহত হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে স্থানীয়রা ইসমাইলকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ইসমাইল মিয়ার ছেলে মোস্তফা কামাল বাদী হয়ে পরদিন ১৯ ফেব্রুয়ারি নবীনগর থানায় আলকাস মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আলকাস মিয়া আত্মগোপনে ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর খুরশিদ আলম জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। পরে তাকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবংজিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
