বর্তমান অন্তর্বর্তী সরকার গত ১৭ মাসে অর্থনীতি বিচার, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কি কাজ করেছে তার একটি ‘রির্পোট কার্ড’ দাবি করেছেন নাগরিকরা। তারা বলেন, মিষ্টি কথা, ভালো কথা, ভালো উদ্যোগ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। কিন্তু সাধারণ মানুষ উন্নয়নের সুফল পাওয়ার জন্য সরকার কি কাজ করেছে তার একটি তালিকা দিয়ে যাবেন।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইকোনমিক গভর্নেন্স এন্ড এন্টি করাপশন’ শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন তারা। সংলাপের আয়োজক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এতে অতিথি ছিলেন বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ও ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এই সংলাপে অংশ নেন।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, এই সরকার গঠনের সময় অর্থনৈতিক দুর্নীতি ও ভঙ্গুর সামষ্টিক অর্থনীতি এই দুইটা মুল আলোচ্য বিষয় ছিল। সরকার কি করেছে, কতটুকু করেছে, কেন পারেনি এসব বিষয় নিয়ে একটু সুনির্দিষ্ট তালিকা জাতির সামনে প্রকাশ করবেন।
প্রতিটা মন্ত্রণালয় জাতির কাছে রিপোর্ট কার্ড জমা দিয়ে যাবে। এই রিপোর্ট ইতিহাসে ভালো একটি উপাদান হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. এম আবু ইউসুফ বলেন, এই সরকার আসার পর অনেকগুলো কমিটি, টাস্কফোর্সসহ অনেক অনেক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কতটুকু সংস্কার হয়েছে? তিনি দাবি করেন, এই সরকার যে ১৭ মাস ক্ষমতায় ছিল, প্রত্যেকে মন্ত্রণালয় সাধারণ মানুষ উন্নয়নের সুফল পাওয়ার জন্য কি কি কাজ করেছেন তার একটি তালিকা দিয়ে যাবেন।
সংস্কারের নামে এই সরকার এখতিয়ার বহির্ভূত কিছু ছাড়া আর কিছুই করেনি বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, বেতন বাড়বে কিনা এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। এমন আরো অনেক কাজ করেছে। মুল সমস্যা হলো- জনগণের কাছে জবাবদিহি করবে এমন সরকার দেশে নেই।
