কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এই ঘটনা ঘটে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- সাবরাং নয়াপাড়ার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, সকালে মাছ ধরতে গিয়ে দুপুরে ফেরার সময় ‘আমার এলাকার পাঁচ জন ও শাহপরীরদ্বীপের তিন জন জেলেকে নাফ নদী থেকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়।
নৌকার মালিক আব্দুস শুক্কুর বলেন, আমার নৌকা নিয়ে চারজন জেলে মাছ শিকারে গিয়েছিলেন। ফেরার পথে আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে।
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে তথ্য সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর তাদের ফেরত আনাতে কার্যক্রম শুরু করা হবে।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ বলেন, বিষয়টি জেনেছি। তাদের ফেরত আনতে পদক্ষেপ গ্রহন করা হবে।
